নওগাঁর ছোট যমুনা নদীর বাঁধ ভেঙ্গে রাণীনগরে বন্যায় ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে মিরাট, কাশিমপুর, গোনা, রাণীনগর সদর, বড়গাছা ও পারইল ইউনিয়নে ৫০হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড নওগাঁর সূত্রে জানা যায়, গত শনিবার আত্রাই-নওগাঁ রাস্তার মিরাপুরে বাঁধ কাম পাকা সড়ক ভেঙ্গে যায়। এতে প্রবল বেগে পানি ঢুকে ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সেই সঙ্গে আত্রাই –নওগাঁ সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারোয়ার জানান, প্রতি মূহুর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ পর্যন্ত ৬টি ইউনিয়নের প্রায় সাড়ে ১৭শ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
