পদ্মা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি, লঞ্চ, কার্গো, ইঞ্জিনচালিত নৌকা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী অজস্র যানবাহন আটকে পড়ে স্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জের পদ্মা-যমুনার পানি আরিচা পয়েন্টে বুধবার দুপুরে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে নয় দশমিক ৪২ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছিল। নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এই রুটে যানবাহনের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে কোচ পারাপার করা হলেও পণ্যবাহী যানবাহন যথা সময়ে পার করা সম্ভব হচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পরিবহণ মালিকদের যমুনা সেতু ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকা যানবাহনের শ্রমিকরা অভিযোগ করে বলেন, ফেরির বুকিং কাউন্টারে দায়িত্বরতদের চাহিদানুযায়ী অর্থ না পেলে তারা গাড়ি বুক দিতে নানা টালবাহানা সৃষ্টি করছে। এছাড়া ঘাট এলাকার হোটেল-রেস্তোরা ও ফেরির ক্যান্টিন মালিক, শ্রমিকরা যানজটকে পুঁজি করে খাবারসহ অন্যান্য পণ্যের দাম অতিরিক্ত হারে আদায় করছে।
