আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রতিদিনই বিভিন্ন কৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা করার ষড়যন্ত্র হচ্ছে। বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছে। এখন পর্যন্ত তিনি রেহাই পেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বিএনপি একটি ষড়যন্ত্রকারী ও খুনিদের দল। সেই দল সব সময়ই পরিকল্পনা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করার।
বুধবার রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ আশরাফ ।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।
আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আমাদের সব সময় সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। দলের স্বার্থে, দেশের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে ভাগ-বাটোয়ারা বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি নিজেদের মধ্যে কোন্দল করি, তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব।
তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি ঠিকই। কিন্তু ক্ষমতায় থেকেও আমরা নিরাপদ নই। এ জন্য আমাদের সব সময় পাহারা দিয়ে রাখতে হবে।
