গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ইয়ার আলী শেখ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় এক পুলিশ সদস্যকে মারধর করে উত্তেজিত জনতা।
স্থানীয়রা জানায়, বিক্রির উদ্দেশ্যে দু’টি গরু নিয়ে হাটে যাওয়ার সময় মহাসড়ক পার হতে গেল একটি দ্রুতগামী বাস সাবেক ইউপি সদস্য ইয়ার আলী শেখকে চাপা দেয়। এসে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার দু’টি গরুও মারা যায়।
পরে উত্তেজিত এলাকাবাসী ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় কাশিয়ানী থানার এএসআই ইমরান হাসান অবরোধ তুলে দেবার চেষ্ঠা করলে তাকে মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
