বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (কামরাঙ্গীরচর-হাজারীবাগ) এলাকায় জরিপ করে সীমানা পিলার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভূমি জরিপ অধিদফতরের মহাপরিচালক, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী দুই মাসের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার আশপাশের চার নদী রক্ষায় এর আগে হাইকোর্ট রায় দিয়েছিলো। ওই রায় অনুসারে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীর সীমানা নির্ধারণ করা হয়েছিল।
