‘বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি সহ্য করা হবে না’

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ২১:৫৬
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বাংলার দুঃখী দরিদ্র মানুষের মুক্তি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু তার জীবনের একটা বিরাট অংশ জেলে কাটিয়েছেন। বিনিময়ে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে বাংলাদেশ নামক স্বাধীন এক ভূখণ্ড। এই বাংলাদেশে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর নামে কোন চাঁদাবাজী সহ্য করা হবে না।’
 
বুধবার সকালে রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন।