রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোজাম্মেল হোসেন (৫৫)। আহত হয়েছেন এলাহী (৬০) নামে অপর এক ব্যক্তি।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরে আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
আহত এলাহী জানান, তারা দুইজনে এলাহী সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার সময় তারা ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
তিনি আরও জানান, খিলগাঁও ফ্লাইওভারের কাছে দায়িত্ব পালনের সময় দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। পরে সেখানকার লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
