মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে দুদককে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
দুদকের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
এই আদেশের ফলে খন্দকার মোশাররফ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষও একটি আবেদন করেছিল, যা শুনানির অপেক্ষায় আছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
