নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে আদমপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ঘটনায় আটটি দোকান পুড়ে যায়। দোকান মালিকদের কমপক্ষে ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাসী জানায়, বুধবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মতিন মিয়ার মুদি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এ সময়
আদমপুর বাজারের নৈশ প্রহরী মোহাম্মদ আলী ও মানিক পার্শ্ববর্তী পাটালপাড়া বায়তুল নূর জামে মসজিদে গিয়ে মাইকিং করেন। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় এক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়। মুহুর্তের মধ্যে আগুন আটটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পর ডেমরা ফায়ার ষ্টেশন-ঢাকার দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মতিন, জাহাঙ্গীর, বাবুল, সিপন, সালাম, ওসমান, নুর ইসলাম ও হরিদাসের দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, 'আগুনে আমাদের মুদি, ভ্যারাইটিজ, কাপড়, জুতা, ইলেক্ট্রিক ও কনফেকশনারীসহ আটটি দোকানের নগদ টাকাসহ কমপক্ষে ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে। সোনারগাঁওয়ে ফায়ার ষ্টেশন থাকলে হয়তো আমাদের ক্ষতির পরিমান কিছুটা কম হতো। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বড় কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সোনারগাঁওয়ে একটি ফায়ার ষ্টেশন গড়ে তোলা একান্ত প্রয়োজন।'
সিনিয়র ষ্টেশন অফিসার (ডেমরা-ঢাকা) মো. বজলুর রশিদ বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার ষ্টেশন ও ঢাকার দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ধারণা্ করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।'
