তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার বিষয়ে ফের আইনি নোটিশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৩:২৭
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে তিন সচিবকে উকিল নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার  সকালে ১১ জন বিশিষ্ট ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিশ পাঠান।
 
নোটিশদাতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আকমল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন ও ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান, সমাজবিজ্ঞানের সামিনা লুত্ফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ, ঢাকার বাসিন্দা আব্দুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংস্কৃতিক কর্মী অরূপ রাহী ও লেখক রাখাল রাহা।
 
জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, সকালে রেজিস্টার ডাকযোগে আইন সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি নোটিশে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
এর আগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে বুধবার সরকারকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং তথ্য সচিবকে ঐ নোটিশ পাঠানো হয়।
 
এছাড়া ৫৭ ধারা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ বরে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার শিশির মোহম্মদ মনির। জাকির হোসেন নামে এক ব্যক্তির পক্ষে তিনি আবেদনটি করেন।