‘গ্রেনেড-আগুন সন্ত্রাসীদের কঠিন আঘাত করতে হবে’

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৫:১৮
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারী ও আগুন সন্ত্রাসীদের পরাজিত করে ইস্পাত কঠিন ঐক্য রক্ষা করতে চূড়ান্ত আঘাত হানতে হবে।  
 
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে সুধি সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। 
 
ইনু বলেন, দেশের সংবিধান-গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিরাপদ করতে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি উচ্ছেদে শেষ আঘাত হানতে সবাইকে অনৈক্য ও বিভ্রান্তি পরিহার করতে হবে। ইস্পাতের মত কঠিন ঐক্য প্রদর্শন করতে হবে। অন্যদিকে ৭১-৭৫ সালের খুনীদের সাজার মতই ২১ আগস্টের আগুন সন্ত্রাসের খুনী ও পরিকল্পনাকারী খালেদা-তারেকের বিচার ও সাজা দিতে হবে। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা। 
 
বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আ আলিম স্বপন, উপজেলা নিবার্হী অফিসার শান্তি মনি চাকমা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।