ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কানাইরটেক নামক স্থান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। গত সোমবার ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে মরদেহটি নিজের ছেলের বলে শনাক্ত করেন ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন। নিহত ওই যুবকের নাম নাজমুল ইসলাম বাবু।
এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই দিনই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একদিন পরেও পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের জন্য পাঠায়। লাশ শনাক্ত করার পরে আলমগীর হোসেন ছেলের লাশ উত্তোলন করে নিজ জিম্মায় নেয়ার জন্য আবেদন জানান। নিহত যুবক ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক স্বপন কুমার জানিয়েছেন, নিহত যুবকের বাবা তার ছেলের লাশ উত্তোলন করে নিজ জিম্মায় নেয়ার আবেদন জানিয়েছেন। আমারা আদালতকে জানিয়েছি। আদালত অনুমতি দিলে যে কোন সময়ই লাশ উত্তোলন করে বাবার জিম্মায় দেয়া হবে।
