নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত সাবিনা ইয়ামিন শিল্পী (২২) আমানতপুর গ্রামের সৌদি প্রবাসী মো. সেলিমের মেয়ে। ঘটনার পর থেকে শিল্পীর স্বামী মাকসুদুর রহমান পলাতক রয়েছেন।
নিহতের বড় ভাই সুলতান আহম্মদ সোহাগ জানান, ২০১০ সালে মাকসুদুর শিল্পীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে। এরপর বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে শিল্পীর ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। গতকাল রাতে বাড়িতে নেশার আসর বসায় মাকসুদ। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর হাসপাতালে রেখে সে পালিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক মেহেদী হাসান জানান, শিল্পীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
