আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমলে দেশের জনগণ শান্তিতে ছিল। এজন্যই এদেশের জনগণ আবার তার দলকে ক্ষমতায় দেখতে চায়।’
বৃহস্পতিবার বনানীর নিজ কার্যালয়ে খুলনা মহানগর শাখার নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আলহাজ্ব শেখ আবুল হোসেন খুলনা মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে খুলনা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী নভেম্বরের মধ্যে খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানের জন্য দলের চেয়ারম্যান নির্দেশ দেন।
