ইউক্রেন সরকার ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ১ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে অস্ত্রবিরতি মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দুই পক্ষের প্রতিনিধিরা বুধবার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। খবর রয়টার্সের।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতিতে সম্মতি হয়েছিল দুই পক্ষ। এমনকি ওই সমঝোতায় এও সিদ্ধান্ত হয়েছিল যে, বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলে স্থানীয় নির্বাচন দেয়া হবে। কিন্তু সেই অস্ত্রবিরতি সফল হয়নি। দুই পক্ষই অস্ত্রবিরতির মধ্যেও ভারী অস্ত্র ব্যবহার করেছে। প্রাণ ঝরেছে বেসামরিক নাগরিক, সৈনিক ও বিদ্রোহীদের। বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত ওই অস্ত্রবিরতি ভঙ্গের জন্য উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করে আসছে। বেলারুশ বৈঠকে আরেকটি পক্ষ ছিল রাশিয়া। এই তিন পক্ষকে বলা হয় ‘সংযোগগোষ্ঠী’ (কনটাক্ট গ্রুপ) ।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিইউ) কর্মকর্তা মার্টিন সাইদিক ওই দিন মিনস্কে সাংবাদিকদের বলেন, ‘নতুন শিক্ষাবর্ষ থেকে সত্যিকারের অস্ত্রবিরতিতে পৌঁছানোকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে তিন পক্ষীয় সংযোগগোষ্ঠী।’
বিদ্রোহী নেতা ভ্লাদিস্লাভ দিনেগো বলেছেন, ‘১ সেপ্টেম্বর থেকে গোলা হামলা বন্ধ হচ্ছে। এখন আমরা আশা করতেই পারি, হামলা-সংঘর্ষের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটছে।’
২০১৪ সালের এপ্রিল থেকে পূর্ব ইউক্রেনে সংঘাত-সহিংসতা চলছে। এই যুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
