বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের জন্য কখনই সার্বিয়ার সীমান্ত বন্ধ হবে না বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী আলেকসান্দর ভুচিচ। তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সীমান্ত বন্ধ করলেই অভিবাসী সমস্যার সমাধান হবে না। এই সমস্যা সমাধানের জন্য আমাদের ভীন্নভাবে ভাবতে হবে। তবে বলকান অঞ্চলে আগত এই হাজার হাজার অভিবাসীদের বসবাসের ব্যবস্থাপনা নিয়ে ইউরোপিয় ইউনিয়নকে দ্রুত পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে মনে করছেন তিনি।
ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিদ্ধস্ত অঞ্চল থেকে প্রায় ১ লাখের বেশি মানুষ সার্বিয়া সীমান্ত দিয়ে হাঙ্গেরি ও ইইউ ভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে। আর তাদের রুখতে এরই মধ্যে হাঙ্গেরি তার সার্বিয়া সীমান্তে ১৭৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১১.৫ ফুট সীমান্ত বেষ্টনি তৈরি করেছে। কিন্তু সার্বিয়ার প্রধানমন্ত্রী মনে করছেন, এভাবে অভিবাসী সমস্যার সমাধান করা সম্ভব হবে না।
ভিয়েনায় পশ্চিম বলকান সামিটে সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকসান্দর ভুচিচ বলেন, "আমরা কোন উচু সীমান্ত তৈরি করব না। আমরা অসহায় এবং নিরুপায় মানুষগুলোর কথা বলছি। সন্ত্রাসীদের কথা বলছি না।" তিনি এই মানুষগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, " তারা শুধুমাত্র বেঁচে থাকার আশায় এবং ভবিষ্যত প্রজন্মকে একটি নিরাপদ ও সাচ্ছন্দপূর্ন জীবন দিতে এত কষ্ট করে সীমান্ত পারি দিচ্ছে। তাদের শুধু সমবেদনা বা শাস্তি দিয়ে কোন লাভ হবে না।"
এ সময় তিনি আরো যোগ করেন, "জীবনকে কখনই সীমান্তের কাঁটাতার দিয়ে রুখতে পারবো না আমরা।"
