'শুল্ক ফাঁকিবাজ ও অসৎ ব্যবসায়ীদের তালিকা হচ্ছে'

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ২০:১০

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, দেশের কর ফাঁকি দেয়া অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নতুন কার্যালয়ের উদ্বোধন ও বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদফতরে মহাপরিচালক ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। নজিবুর রহমান বলেন, যারা বিভিন্নভাবে কর ফাঁকি দিয়ে আসছে তাদের আইনের বেড়াজাল থেকে মুক্তি নেই। শুল্ক ফাঁকিতে পণ্য আসা কিছুতেই রোধ করা যাচ্ছে না আর শুল্ক ফাঁকির এসব পণ্য ছড়িয়ে পড়েছে কালোবাজারে।

চোরাচালান মোকাবেলায় নতুনভাবে আইনগত কাঠামো প্রণনয় করার কথাও জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজস্ব ফাঁকি রোধ এবং রাজস্ব আয় বাড়াতে শুল্ক বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। একইসাথে তিনি বিমান বন্দরে যেন যাত্রীরা অহেতুক হয়রানির শিকার না হয়, এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের নিজ থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। ইতবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এসব সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষে রাজস্ব বোর্ডের সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার চলমান এ প্রক্রিয়ায় সবাইকে সক্রিয় অংশ নেয়ার আহবান জানান তিনি।