তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে কারো কোন প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাইবার জগতকে নিরাপদ ও সাইবার অপরাধীদের মোকাবেলা করতে একটি সাইবার অপরাধ আইন তৈরি করছি। আইনটি হওয়ার পরই ৫৭ ধারার দরকার আছে কি নেই তা বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ৭১, ৭৫ এবং ২১ আগস্টের খুনি এবং আগুন সন্ত্রাসীদের কাছ থেকে বাংলাদেশ ও গণতন্ত্রকে নিরাপদ করতে শেষ আঘাতের পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। জঙ্গিবাদিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। যারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাঁচাতে চাচ্ছেন তাদের গণতন্ত্রের দরদের মধ্যে গলদ আছে মন্তব্য করে ইনু বলেন, আগুন সন্ত্রসীদের এবং এর পরিকল্পনাকারী তিনি যেই হোক- এমনকি বেগম জিয়া কিংবা তারেক রহমানও যদি হয় তাদের রেহাই দেয়া হবে না।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আফরোজা হক রিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: ফোকাস বাংলা
