অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গেরির সীমান্তের কাছে পরিত্যক্ত একটি লরিতে ৫০ জন শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার অস্ট্রিয়া কর্তৃপক্ষ শরণার্থীদের লাশ উদ্ধারের কথা জানায়। লাশগুলো পচতে শুরু করেছিল।
লাশগুলোর সন্ধান পাওয়ার পর লরিটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শরণার্থী সংকট নিয়ে ইউরোপীয় শীর্ষ নেতাদের একটি বৈঠক চলাকালে এই লাশগুলোর সন্ধান পাওয়া গেল।
অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন, এই ট্রাজেডি আবারো দেখিয়েছে অপরাধী ও মানব পাচারকারীদের হাত থেকে মানুষের প্রাণ রক্ষা করা কতোটা প্রয়োজনীয়। এই ঘটনা বলকান সম্মেলনে অংশ নেয়া ইউরোপীয় নেতাদের নাড়া দিয়েছে বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
গৃহযুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ১০ হাজারের মতো শরণার্থী ইউরোপে ঢোকার অপেক্ষায় রয়েছেন। সূত্র: রয়টার্স
