ইন্টেল ডেভেলপারস ফোরাম

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৫:২২

ডেভেলপারদের নিয়ে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মেলনের মতো ইন্টেলের ডেভেলপারস ফোরামও সরগরম থাকে নতুন নতুন সব প্রযুক্তি আর উদ্ভাবনের খবরে। বলা যায় পরবর্তী এক বছরের রূপরেখাও উঠে আসে এই সম্মেলনের মাধ্যমেই। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত চলতি বছরের ডেভেলপারস ফোরামের নানা খবর তুলে ধরেছেন তরিকুর রহমান সজীব

 
শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেভেলপারদের নিয়ে প্রতিবছরই আয়োজন করে থাকে সম্মেলন। প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তি আর পণ্যের খবরের সাথে আসছে দিনগুলোর জন্য তাদের ব্যবসায়িক কৌশলও উঠে আসে এসব সম্মেলনে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো ইন্টেলও আয়োজন করে থাকে এমন সম্মেলন। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ইন্টেল আয়োজন করে এ বছরের ইন্টেল ডেভেলপারস ফোরাম (আইডিএফ)। নতুন সব প্রযুক্তি আর উদ্ভাবনের ঘোষণাও এসেছে ইন্টেলের এই সম্মেলনে। সেগুলোই এই লেখায় তুলে ধরা হলো পাঠকদের জন্য।
 
আগামী প্রযুক্তির তিন ধারা
 
ইন্টেলের ডেভেলপারস ফোরামে স্বাভাবিকভাবেই কিনোট স্পিচ উপস্থাপন করেছেন ইন্টেলের সিইও ব্রায়ান ক্র্যানিশ। তার বক্তব্যের শুরুতেই তিনি আসছে দিনের প্রযুক্তিবিশ্বের প্রবণতা বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় মূলত তিনি আসছে দিনের প্রযুক্তির ক্ষেত্রে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে প্রথমেই তিনি বলেছেন ‘সেনটিফিকেশন’-এর কথা। বিভিন্ন ধরনের ডিভাইসে নানা ধরনের কম্পিউটিং সেন্সরের ব্যবহারকেই তিনি ‘সেনটিফিকেশন’ হিসেবে অভিহিত করেছেন। এর মধ্যেই আসলে নানা ধরনের সেন্সরের ব্যবহারের সাথে সকলেই পরিচিত হয়ে উঠেছেন। এই প্রবণতা আসছে দিনে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্রায়ান। সেনটিফিকেশনের উদাহরণও ব্রায়ান হাতে-নাতেই দিয়ে দেন। ব্রায়ানের বক্তব্যের সময় একটি স্মার্ট রোবট মঞ্চে এসে ব্রায়ানের হাতে একটি কোমল পানীয় তুলে দেয়। ব্রায়ান জানান, এই রোবটে ব্যবহূত হয়েছে ইন্টেলের রিয়েলসেন্স ক্যামেরা এবং নানা ধরনের সেন্সর। এগুলো ব্যবহার করে রোবটটি পরিপার্শ্বের সকল তথ্য সংগ্রহ করে তাকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে।
 
দ্বিতীয় যে প্রবণতার কথা ব্রায়ান উল্লেখ করেছেন, তা হলো ‘স্মার্ট অ্যান্ড কানেক্টেড’ প্রযুক্তি। এখনই স্মার্ট এবং কানেক্টেড ডিভাইসের বহুল ব্যবহার ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আগামী দিনগুলোতে কম্পিউটিংয়ের মূল জায়গায় চলে আসছে ইন্টারনেট অব থিংস-নির্ভর বিভিন্ন কানেক্টেড প্রযুক্তি।
 
তৃতীয় যে প্রবণতার কথা ব্রায়ান বলেছেন, তা হলো মানুষের ‘এক্সটেনশন’ হিসেবে কম্পিউটিং ডিভাইসের ব্যবহার। কম্পিউটিং ডিভাইসের প্রতি মানুষের নির্ভরতা দিন দিন বেড়ে যাওয়ার সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার যে উত্কর্ষের দেখা মিলছে, তা মানুষের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে যাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নানা ধরনের কাজকেই সহজ করে তুলবে বলে মনে করেন ব্রায়ান।
 
ট্যাঙ্গো স্মার্টফোন ও গেমিংয়ে রিয়েলসেন্স ক্যামেরা
 
থ্রিডি স্ক্যানিং থেকে শুরু করে থ্রিডি মোশন ট্র্যাকিংয়ের ওপর গুরুত্ব দিয়ে স্মার্টফোন তৈরির প্রকল্প হিসেবে গুগল ট্যাঙ্গো নিয়ে কাজ করছে। এই ট্যাঙ্গো প্রকল্পের স্মার্টফোনে থ্রিডি ইমেজিংয়ের কাজে ব্যবহূত হচ্ছে ইন্টেলের রিয়েলসেন্স থ্রিডি ক্যামেরা। আইডিএফে রিয়েলসেন্স ক্যামেরা ব্যবহূত একটি ট্যাঙ্গো স্মার্টফোনও প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে উপস্থিত দর্শনার্থীদের থ্রিডি স্ক্যানিংয়ের প্রক্রিয়াও প্রদর্শন করা হয়। এই ফোনের মাধ্যমে স্ক্যান করা ডক্যুমেন্টকে সরাসরি থ্রিডি প্রিন্টারের মডেল হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানানো হয়।
 
এর পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রেও ইন্টেলের রিয়েলসেন্স ক্যামেরার ব্যবহারের কথা জানানো হয় আইডিএফে। আইরেসিং ও ভিআরএক্স-এর তৈরি স্কাইলেক রেসিং গেমে এর ব্যবহারও প্রদর্শন করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি-নির্ভর গেমগুলোতে পরিপার্শ্বের নিখুঁত চিত্র তুলে ধরতে রিয়েলসেন্স ক্যামেরা কাজ করবে।
 
ইন্টারনেট অব থিংসের নিরাপত্তা
 
এখনকার সময়ে ইন্টারনেট অব থিংসের ব্যবহার ক্রমেই প্রসারিত হচ্ছে। স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির বাইরে এসে স্মার্ট হাতঘড়ি, ফিটনেস ব্যান্ড, স্মার্ট ব্রেসলেটের মতো সব ডিভাইসের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এসব ডিভাইসের নিরাপত্তার দিকটিও এখন আলোচনায় উঠে আসছে। বর্তমান সময়ে হ্যাকারদের নজর অনেকটাই স্মার্টফোনের দিকে থাকলেও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আসছে দিনগুলোতে এসব কানেক্টেড ডিভাইসের দিকেই হ্যাকারদের শ্যেন দৃষ্টি থাকবে। ইন্টারনেট অব থিংসের এসব ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে তাই কাজ করছে ইন্টেল। আইডিএফে ‘এনহ্যান্স প্রাইভেসি আইডেন্টিফিকেশন’ নামে নতুন একটি সিকিউরিটি প্রোটোকলের কথাও জানিয়েছে ইন্টেল। ইন্টেল জানাচ্ছে, এই সিকিউরিটি প্রোটোকল কাজ করবে একদম চিপ পর্যায়ে। ফলে এর মাধ্যমে অনলাইন লেনদেন এবং যোগাযোগ অনেক বেশি সুরক্ষিত থাকবে।
 
সিকিউরিটি ব্রেসলেট
 
ওয়্যারেবল ডিভাইস বা পরিধেয় গ্যাজেটের বাজারে ইন্টেলও মনোযোগী হয়েছে সাম্প্রতিক সময়ে। তবে তারা প্রচলিত সব পরিধেয় গ্যাজেটের বাইরে এগুলোতে নানা ধরনের বাড়তি ফিচার যুক্ত করার দিকেই বেশি মনোযোগী। নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়ে তাই তারা আইডিএফে প্রদর্শন করেছে একটি সিকিউরিটি ব্রেসলেট যা কোনো কম্পিউটিং ডিভাইসকে আনলক করতে পারবে। সাধারণত কম্পিউটারের সুরক্ষায় পাসওয়ার্ড ব্যবহর করা হলেও ইন্টেলের নতুন এই ডিভাইস ব্যবহার করলে আর কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। এমনকি এই ডিভাইস পরে কম্পিউটারের আশেপাশে গেলেই কম্পিউটারটি সচল হয়ে উঠবে। ইন্টেল জানিয়েছে, এন্টারপ্রাইজ পর্যায়ের নিরাপত্তা বা সুরক্ষাও প্রদান করতে সক্ষম তাদের এই সিকিউরিটি ব্রেসলেট।
 
অবশেষে ইন্টেলের স্মার্ট হাতঘড়ি
 
গত বছরের সেপ্টেম্বরে ইন্টেল স্মার্ট হাতঘড়ি নির্মাণের ঘোষণা দেয়। এর জন্য ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফসিল গ্রুপের সাথেও যুথবদ্ধ হয় ইন্টেল। ঘড়ি নির্মাণে ফসিলের দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে ইন্টেলের প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব স্মার্ট হাতঘড়ি প্রযুক্তি বাজারে বড় ধরনের সাড়া ফেলবে বলেই আশাবাদী ইন্টেল। কানেক্টেড ডিভাইস হিসেবে এসব ঘড়ি ইন্টারনেটে যুক্ত থাকবে এবং এগুলোর অপারেটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়্যার। আইডিএফে ইন্টেল জানিয়েছে, তাদের তৈরি প্রথম ব্যাচের ঘড়ির নির্মাণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী দুয়েক মাসের মধ্যেই এগুলো বাজারেও চলে আসবে।
 
তারহীন সংযোগে ওয়াই-গিগ
 
প্রযুক্তিবিশ্ব ক্রমেই ওয়্যারলেস বা তারহীন সংযোগের দিকে ঝুঁকে পড়েছে। ইন্টেলও এই প্রবণতার সাথে তাল মিলিয়ে চলছে। এর আগে তারা বাসাবাড়ির বিভিন্ন কম্পিউটিং ডিভাইসকে একটি নেটওয়ার্কের আওতায় সংযুক্ত করার জন্য ওয়াই-ডাই প্রযুক্তি নিয়ে এসেছে। এবারে এই তারহীন সংযোগকে অফিস-আদালতেও ছড়িয়ে দিতে ইন্টেল প্রদর্শন করেছে ওয়াই-গিগ প্রযুক্তি। ওয়াই-ডাইয়ের চাইতেও উচ্চ-ব্যান্ডউইথে কাজ করবে ওয়াই-গিগ। তাতে করে অফিসগুলো নিজেদের নেটওয়ার্কের জন্য ওয়াই-গিগ প্রযুক্তি ব্যবহার করতে পারবে। তারহীন কম্পিউটিং ডিভাইসকেই ভবিষ্যতের প্রযুক্তি প্রবণতা হিসেবে চিহ্নিত করেই এই প্রযুক্তি নিয়ে এসেছে ইন্টেল।
 
এর বাইরেও বেশকিছু প্রযুক্তির প্রদর্শনী ছিল আইডিএফে। এর মধ্যে শুরুতেই বলতে হবে থান্ডারবোল্ট ৩-এর কথা। পেরিফেরাল সংযোগে ইন্টেলের থান্ডারবোল্ট কানেক্টরের নতুন এই সংস্করণে তথ্য স্থানান্তরের গতি পাওয়া যাবে সেকেন্ডে ৪০ গিগাবিট পর্যন্ত। শুধু তাই নয়, এতে ইউএসবি কানেক্টরের নতুন স্ট্যান্ডার্ড ইউএসবি সি-টাইপকেও সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও চমক হিসেবে ছিল বৈচিত্র্যময় সব ডিজাইনের কেসিং। ডিভাইসের সুরক্ষায় ইন্টেলের ট্রু কি এবং ট্রু কি ২.০-ও দেখিয়েছে ইন্টেল। গেমিং দুনিয়ার কথা মাথায় রেখে বিশেষ কম্পিউটিং ক্ষমতার স্কাইলাক টাওয়ার পিসি প্রদর্শনের সাথে সাথে এর বাজারে আসার কথাও জানিয়েছে ইন্টেল। এ ছাড়াও রিয়েলসেন্স ক্যামেরা ব্যবহার করে তৈরি আয়না, রোবট এবং আরও বেশকিছু অ্যাকসেসরিজ প্রদর্শন করেছে ইন্টেল। ইন্টেল গ্রিনহাউজ নামে নতুন একটি কনসেপ্টও প্রদর্শন করেছে তারা।