‘চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে কামরুলকে’

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১০:২৪
শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি সৌদি আরবে গ্রেফতার কামরুল ইসলামকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
 
গোলাম মসীহ বলেন, কামরুলকে দেশে  পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, তারা কামরুলকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে হস্তান্তর করবে।
 
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্দি বিনিময় চুক্তি নেই। এরপরও কামরুলকে সহজেই দেশে ফিরিয়ে আনা হবে।
 
উল্লেখ্য, গত ৮ জুলাই  সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার লাশ গুম করার চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয় মুহিদ আলম।।
 
রাজনকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই কামরুল সৌদি আরবে চলে যায়। 
 
১৩ জুলাই প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস কামরুলকে আটক করে দেশটির পুলিশের কাছে হস্তান্তর করে।