মেহেরপুরের গাংনীতে জুগিন্দা গ্রামে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা বাদি হয়ে চারজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেছেন।
গাংনী থানা জানায়, ধর্ষিতা ইট ভাটায় কাজ শেষে বুধবার বিকালে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যার দিকে একই গ্রামের নছর আলীর ছেলে ইমরান হোসেন (১৮), ফকির মহাম্মদের ছেলে বকুল আলী (২৫), ইয়াছিন আলীর ছেলে উজ্জল আলী (১৮) ও নবীছুদ্দিনের ছেলে নয়ন (১৯) একা পেয়ে তাকে মাঠের পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষিতা বলেন, 'ধর্ষণের কথা প্রকাশ করায় আমাকে হত্যা ও এলাকা ছাড়ার হুমকি দেন তারা।
অভিযুক্ত ৪জনের অভিভাবকরা অভিযোগের বিষয়টি সাজানো নাটক বলে জানান। এদিকে ধর্ষিতার বাবা তার মেয়েকে ধর্ষণকারীদের বিচার দাবি করেছেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, 'ধর্ষণের ঘটনায় থানায় চার জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ধর্ষিতা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।'
