ডুমুরিয়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১১:০০


খুলনার ডুমুরিয়ায় বখাটের ছুরিকাঘাতে ফয়সাল মল্লিক (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার উলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা মিজানুর রহমান মিজান (২১) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত ফয়সাল ঐ গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে এবং স্থানীয় উলা মধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পাশ্ববর্তী সাজিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মিজানুর রহমান মিজান দলবল নিয়ে নিহত ফয়সালের বোন সোমা আক্তার সুমিকে তুলে নিতে যায়। এতে ফয়সালসহ তার পরিবার ও প্রতিবেশিরা বাধা দেয়। এক পর্যায়ে মিজানের হাতে থাকা ছুরির আঘাতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। এ সময় ফয়সালের বাবা আব্দুর রশিদ, প্রতিবেশি মোফাজ্জল, মোহসিন ও ইমরানসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে মোফাজ্জলের (২৪) অবস্থা আশংকাজনক।

ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।