বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনাকারীদেরও বিচার হবে: মায়া

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৩:২২
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হয়েছে। এখন বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনাকারী ও মদদদাতাদের বিচার করা হবে। তাদের আইনের কাঠ গড়ায় আনতেই হবে।
 
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
 
মায়া বলেন, ষড়যন্ত্রকারীরা এখন ষড়যন্ত্র করছে। খালেদা জিয়ার ডানে-বামে এখন কেউ নেই, শুধু ষড়যন্ত্রকারীরা ছাড়া। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল ৭০ সালের নির্বাচন থেকে। সেই ষড়যন্ত্রের অংশ ১৯৭০, ৭১, ৭৫, ২০০৪, ২০০৫ সাল। এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তাই ষড়যন্ত্র যেখানেই হোক আমরা মোকবেলা করব। এর উচিত জবাব দেবো। এরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে। এদের নাম নিতে মানুষের এখন ঘৃণা হয়।
 
সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।