উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিস সহকারী সোহাগ হোসেন আটক হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চলাকালীন সময় তাকে আটক করা হয়। সোহাগ চৌগাছার জগদীশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও যবিপ্রবি’র উপাচার্যের দফতরের অফিস সহকারী।
সোহাগ হোসেন যবিপ্রবি’র ট্রেজারার দফতরের পিয়ন শাহীন হোসেনের পক্ষে চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজে উন্মুক্ত বিশ্বাবদ্যালয়ের বিএ পরীক্ষায় সিভিক এডুকেশন-২ বিষয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন।
পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান জানান, আজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় সিভিক এডুকেশন-২ বিষয়ে পরীক্ষা চলছিল। এতে চৌগাছা ডিগ্রি কলেজের ছাত্র ও যবিপ্রবির অফিস সহকারী সোহাগ হোসেন মহিলা কলেজের ছাত্র শাহীনের পক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
কলেজের শিক্ষক ইয়াকুব আলী জানান, প্রকৃত পরীক্ষার্থী শাহীন অসুস্থ।এই অবস্থায় সোহাগ তার প্রক্সি দিচ্ছিল।
