‘নগরায়ন-শিল্পায়নে ১ শতাংশ আবাদি জমি কমছে বছরে’

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৪:০৫
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নগরায়ন-শিল্পায়নের ফলে প্রতি বছর ১ শতাংশ করে আবাদি জমি কমে যাচ্ছে। ফলে কৃষকরা জমি হারাচ্ছেন। 
 
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (আরআইবি) আয়োজিত ‘এগ্রারিয়েন স্ট্র্যাটিজিকেল ফর ওভারকামিং স্মল ফার্মার’ শীর্ষক মত বিনিময় সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রাশেদ খান মেনন বলেন, এ সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হলে নীতি-নির্ধারকদের নতুন করে ভাবতে হবে। আর সম্মিলিত উদ্যোগ নিয়ে কৃষকদের রক্ষা করতে হবে। বাংলাদেশে প্রান্তিক কৃষকের সংখ্যা বেশি। অথচ জমিহারা হওয়ার ফলে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। পুঁজি সরবরাহ, ব্যাংক ঋণ- এসব কোনো সুবিধাই কৃষকরা পাচ্ছেন না।
 
তিনি বলেন, কৃষিমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। মূলত সমস্যা হচ্ছে কৃষকদের সংগঠনের অভাব। তারা মানববন্ধন ছাড়া আর কোনো আন্দোলন করতে পারে না। ফলে রাজনৈতিক বা সাংগঠনিক কোনো মাধ্যমেই তাদের সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে যে ভাবেই হোক ক্ষতি থেকে তাদের বাঁচাতে হবে।