পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে শুক্রবার ফেরি ঘাটের যানজট প্রকট আকার ধারণ করেছে।
উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। মাওয়ার শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এই রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পায় বলে কর্মকর্তারা জানান। অপেক্ষমাণ যানবাহনের সারি টার্মিনাল ছাড়িয়ে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় ঘাটে যানবাহন আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিসির এজিএম মোঃ জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫-১৬টি ফেরিযোগে যানবাহন পারাপার হচ্ছে। কয়েকটি ফেরি স্থানীয় কারখানা মধুমতিতে মেরামতের জন্য রয়েছে।
পদ্মায় তীব্র স্রোত, প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে প্রতিটি ফেরির গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে ঘাটে অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত দুই ঘাটে ১২শ যানবাহান পারাপারে অপেক্ষায় ছিল।
