ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, গ্রেফতার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সর্দারকে (২৯) শুক্রবার আদালতে হাজির করে দশ দিনের হেফাজতের আবেদন করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১০ এলাকা থেকে কাউছার ও শ্যামপুরের দলিপাড়া থেকে কামালকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুবর রহমান জানান, ২০১৩ সালের ১৪ জানুয়ারি উত্তরায় ব্লগার আসিফ মহিউদ্দিনের হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কাউছার ও কামালকে গ্রেফতার করেছিল। ঐ হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউছার ও কামাল চার্জশিটভুক্ত আসামি। তারা জামিনে মুক্তি পেয়েছিল। ব্লগার নীলয় হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
এদিকে, ব্লগার অভিজিৎ রায় হত্যার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার তিন আসামি মিঠু, তৌহিদুর ও আমিনুলকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
