স্ত্রী-সন্তানসহ নিজেকে বোমায় উড়িয়ে দিলেন এক জঙ্গি

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৫:৪২
পাকিস্তানের লাহোর থেকে ২৫ কিলোমিটার দূরের শহরে একটি বাড়িতে গোয়েন্দাদের তল্লাশির সময় স্ত্রী ও সন্তানসহ হাতবোমা দিয়ে উড়িয়ে দিলেন এক জঙ্গি। 
 
সন্দেহভাজন এক জঙ্গি ওই বাড়িতে অবস্থান করছেন এমন খবরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলায় ওই জঙ্গি বোমা দিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ আত্মহনন করেন। খবর: ডন।
 
বৃহস্পতিবার রাতে শহরের পিরমহল নামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
 
তোবা জেলার পুলিশ কর্মকর্তা শেহজাদ আকবর বলেন, পুলিশের কাছে তথ্য ছিল হাবিবুর রহমান নামে আল কায়দার এক সদস্য শহরের ওই বাড়িটি ভাড়া নিয়ে সপরিবারে অবস্থান করছেন।
 
বৃহস্পতিবার পুলিশ বাড়িটিতে পৌঁছানো মাত্রই তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে মারে ওই জঙ্গি। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। চার ঘণ্টা ধরে তাকে আটকের চেষ্টা চালানো হয়। এক সময় বাড়ির ভিতর থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আসে।
 
পরে ভেতরে গিয়ে দেখা যায় ওই জঙ্গির স্ত্রী, তাদের পাঁচ ও সাত বছরের দুই ছেলে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। সন্দেহভাজন ওই জঙ্গিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার কিছুক্ষণ মারা যায়। 
 
ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল, চারটি সুইসাইড জ্যাকেট, ১০টি হ্যান্ড গ্রেনেড, তিনশ গুলি, একটি কালাসনিকভ রাইফেল, ১৩টি পিস্তল, ছয়টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও বেশ কিছু সিডি উদ্ধার করা হয়।