গুয়েতেমালায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৮:৫৩
 
গুয়েতেমালার প্রেসিডেন্ট ওত্তো পেরেজের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল করেছে। অবৈধভাবে শুল্ক আদায়ে জড়িত থাকার অভিযোগে পদত্যাগ করতে অস্বীকার জানানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়। খবর রয়টাসের্র।
 
বিক্ষোভকারীরা ‘গুয়েতেমালার কোনো প্রেসিডেন্ট নেই’ লেখা ব্যানার নিয়ে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীদের একজন ফেলিপ ফ্লোরস বলেন, ‘এটা হতে পারে না যে তিনি অন্য পথে তাকাবেন এবং জনগণ তাকে আর চায় না, এই সত্যটা উপেক্ষা করবেন।’
 
উল্লেখ্য, পেরেজের বিরুদ্ধে অবৈধভাবে শুল্ক আদায়ে জড়িত থাকার অভিযোগটি আনেন গুয়েতেমালার অ্যাটর্নি জেনারেল থেলমা আলদানাস।  চলতি সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট  পেরেজকে অভিশংসন করার থেলমার অনুরোধটি আমলে নেন। তবে প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে তা অবশ্যই কংগ্রেসে পাস হতে হবে।