জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ২০:১২
 
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়াও ফজু ও মকর নামে দুইজন আহত হয়ে চিকিত্সাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার কৈমারী ইউনিয়নের উত্তর পাটোয়ারী পাড়া এলাকায় ঘটে।
 
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম ও অনীল চন্দ্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় জমির সীমানাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল আজিজ সেল্টু (২২) এ ঘটনার প্রতিবাদ করলে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করা হয়।
 
মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার বিকালে তার মৃত হয়। নিহত আজিজ ওই গ্রামের মহুবর রহমানের ছেলে। এ দিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী তিন নারীকে আটক করে রাখে। পরে তাদের উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
 
জলঢাকা থানার এস,আই জহিরুল হক জানান, অতিসত্তর ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।