পাকিস্তানে নিষিদ্ধ হবার পর এবার ভারতে আদালতের মুখোমুখি হচ্ছে ফ্যান্টম। মেডিসিন সেন্স ফ্রন্টিয়ারেস নামের একটি মেডিকেল চ্যারিটি এনজিও এবার অভিযোগ তুলল ২০০৮ সালে মুম্বাই হামলা নিয়ে তৈরি চলচ্চিত্রটির ভূমিকা নিয়ে। তাদের দাবি, ক্যাটরিনাকে চলচ্চিত্রে যে ভূমিকায় দেখা গেছে; তার ফলস্বরূপ জীবনের হুমকিতে পড়তে পারে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কর্মরত তাদের কয়েক হাজার নার্স ও ডাক্তার।
ফ্যান্টমে মেডিসিন সেন্স ফ্রন্টিয়ারেসের একজন কর্মীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সেখানে ভারতীয় সৈন্যের ভূমিকায় থাকা সাইফ আলী খানকে সাহায্য করে ক্যাটরিনা। এমনকি ক্যাটরিনা এক সময় নিজ হাতে অস্ত্র তুলে নেয়। আর সেখানেই মূল আপত্তি এনজিওটির। তারা আদালতকে জানিয়েছে, মুম্বাই হামলায় আহতদের সেবা দেয়ার জন্য আমাদের কর্মীরা উপস্থিত ছিলো। সেখানে সৈন্যদের সহায়তা দেয়ায় আমাদের কোন কর্মী ভূমিকা পালন করেনি। বিশেষত আমাদের কোন কর্মী কখনই হাতে অস্ত্র তুলে নেয়নি।
এনজিওটি আরও জানায়, বিশ্বব্যাপি আমাদের কয়েক হাজার কর্মী কাজ করে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। তারা কখনই কোন মিলিটারি কাজের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে না। তারা কখনই কোথাও অস্ত্র হাতে তুলে নেয় না হাতে। কিন্তু এই চলচ্চিত্রে যা দেখানো হচ্ছে তাতে বিশ্বের সকল গোষ্ঠির কাছে আমাদের এই অবস্থান হুমকির মুখে পড়ছে। এমনকি হুমকির মুখে পড়বে আমাদের হয়ে কাজ করা হাজার খানেক নার্স ও ডাক্তারের জীবন।
