বাউফলে শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ০১:৫৯

বাউফলে ‘টাকা চুরির অপরাধে’ বাকলা তাতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ রাকিব নামে ৯ বছরের এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে। শুক্রবার সকালে বাউফল বাজার রোডে মোকলেছ মার্কেটে ঘটে এ ঘটনা।

 
উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামের মো. খালেক রাঢ়ীর ছেলে মো: রাকিব। ৩ দিন আগে তার বাবার পকেট থেকে ১ হাজার টাকা ‘চুরি করে’ বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর  ঘটনার দিন সকালে বাউফল পাবলিক মাঠ সংলগ্ন রিক্সাস্টান্ডে খালাতো ভাই জুয়েল তাকে খুঁজে পায়। রাকিবের বাবাকে জানালে তিনি রাকিবকে আটকে রাখতে বলেন। এরপর জুয়েল তাকে মারধর করে ‘মোকলেছ ভবনে’ নিয়ে যায়। জুয়েল মোকলেছ মার্কেটের ‘বাউফল ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকানের কর্মচারী। জুয়েল ও মোকলেছ ভবনের কেয়ারটেকার খোকা মিয়া রাকিবকে জুতাপেটাসহ ব্যাপক মারধর করে ঐ মার্কেটের একটি রুমে শিকল দিয়ে বেঁধে রাখে। পুলিশ ঘটনাস্থলে শিকলে বাঁধা অবস্থায় রাকিবকে উদ্ধার করে। ওসি মাসুদুজ্জামান জানান, জুয়েল ও খোকা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।