নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধাদের সংগঠনসমূহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম বলেন, অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন যখন শুরু হয়ে গেছে এখন থেকে আমাদের যে সব সংখ্যলঘু ভাইবোনেরা আছেন, তাদের যেন নিছিদ্র নিরাপত্তা দেয়া হয়। আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ব্যাপারে অনুরোধ জানাচ্ছি।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, অতীতে আমরা দেখেছি নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়কে নানা রকম ভয়ভীতি দেখানো হয়। এই কাজ কারা করে তা আপনারা সবাই জানেন। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে, বিষয়টি ভালোভাবে দেখবেন। ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমরা সহ্য করবো না।
ক্ষমতার লোভে ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ড. কামাল হোসেনরা একসময় আওয়ামী লীগে ছিলেন। বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন। বঙ্গবন্ধু মন্ত্রীও করেছিলেন। সেই কামাল হোসেন এখন স্বাধীনতাবিরোধীদের জোট সঙ্গীদের সঙ্গে ঐক্য করেছেন। এটি জাতির জন্য দুর্ভাগ্যের।
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, মুজিবের চেতনার কথা বলে যারা এই বিএনপি-জামায়াত নামক একটি দুষ্টচক্র, যারা পরাশক্তির মূল পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছে তাদের ইনশাল্লাহ আগামী নির্বাচনে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এসব বর্ণচোরা ভণ্ডদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ব্যালটের মাধ্যমে।
ইত্তেফাক/কেকে
