মাইক্রোবাস পুকুরে, একই পরিবারের তিনজন নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৫:২২
সৌদি প্রবাসী ভাইকে এগিয়ে নিতে এসে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন লাশ হয়ে ফিরলেন। আহত হয়েছেন আরো ৩ জন। 
 
জানা গেছে, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বটতলা গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে সৌদি প্রবাসী বাদশা অনেক দিন পর দেশে আসছেন। এ কথা শুনে বড় ভাই সাইদুর, বাবুল, বাবুলের স্ত্রী শিল্পি ও তাদের একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহসহ নিকট আত্মীয় রিপনকে নিয়ে ঢাকা বিমানবন্দরে যান। শুক্রবার দিবাগত রাতে ছোট ভাই সৌদি প্রবাসী বাদশা ঢাকায় পৌঁছলে, তাকে  নিয়ে একটি মাইক্রোযোগে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করে। 
 
শনিবার ভোর ৫টায় মাইক্রোবাসটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি পুকুরে পড়ে যায়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে কিন্তু প্রবাসীর বড়ভাই বাবুল (২৮), বাবুলের স্ত্রী শিল্পি (২২) ও তাদের একমাত্র ১ বৎসর বয়সী শিশু পুত্র আব্দুল্লাহ ঘটনাস্থলে প্রাণ হারায়।
 
এ সময় প্রবাসী বাদশা (২৪), বড় ভাই সাইদুর (৩৫) ও রিপন (২২) মারাত্মক আহত হন। আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
 
এই ব্যাপারে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাস্থল থেকে মৃতদেহ ৩টি উদ্ধার করে এবং মাইক্রোবাস চালককে আটক করতে সক্ষম হয়। এই রির্পোট লেখা পর্যন্ত মাইক্রোবাসটি পানির নীচ থেকে উদ্ধারের চেষ্টা চলছিল।