ইরাকে আইএস’র কবল থেকে ৭ গ্রামবাসীকে মুক্ত করেছে কুর্দি বাহিনী

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১১:৩০


ইরাকের উত্তরাঞ্চলে পশ্চিমা সমর্থিত কুর্দি যোদ্ধারা ইসলামিক স্টেট (আইএস)-এর কবল থেকে সম্প্রতি ৭ গ্রামবাসীকে মুক্ত করেছে।

শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে।

চরমপন্থী আইএস যোদ্ধারা এখনও ইরাকের একটি বড় অংশ নিজেদের দখলে রেখেছে। ওই এলাকায় আইএস জিহাদীরা জোরপূর্বক মানুষকে ধর্মান্তরিত ও শিরোচ্ছেদ করে আসছে।

কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স জানায়, জোট বাহিনীর বিমান হামলার ছত্রছায়ায় কুর্দি পেশমেরগা যোদ্ধারা ২৬ আগস্ট থেকে তুজ শহরের কাছে ২০০ বর্গ কিলোমিটার এলাকা আইএস-এর কবল থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

বাহিনীর এক বিবৃতিতে জানায়, ‘এই সাত গ্রামবাসীকে মুক্ত’ করার সময় কুর্দি যোদ্ধাদের সহায়তায় আইএস জিহাদীদের অবস্থান লক্ষ্য করে মোট ২৫ বার বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে।

-বাসস