জেলার বিশ্বনাথ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহতের নাম রফিক মিয়া (৫৫)। তিনি সৎপুর খাসজান গ্রামের মৃত আবদুল মতালিবের ছেলে।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রফিক মিয়া ও রইছ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ধরে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিক মিয়াসহ কমপক্ষে ১১ জন আহত হয়। গুরুতর আহত রফিক মিয়াকে রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
