সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৩:০৯
মাইক্রোবাস দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ গেছে স্বামী, স্ত্রী ও একমাত্র সন্তানের। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছেন একই পরিবারের আরো তিনজন। ঢাকা থেকে মাইক্রোবাসে রাজীবপুরে যাওয়ার সময় বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শনিবার ভোর ৫টার দিকে রাজীবপুর-জামালপুর সড়কের বাট্টাজোরে এ দুর্ঘটনা ঘটে।
 
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত তিনজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বাবুল ইসলাম (৩০), তার স্ত্রী শিল্পী খাতুন (২৪) ও তাদের এক বছরের সন্তান শেখ আবদুল্লাহ। যারা আহত হয়েছেন- নিহত বাবুলের দুই ভাই সাইদুর রহমান (৪০), বাদশা মিয়া (৩৫) ও বাদশার শ্যালক রিপন মিয়া। নিহত ও আহতদের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চররাজীবপুর বটতলা গ্রামে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাদশা মিয়া সৌদি প্রবাসী। দেশে ফিরলে তার পরিবার বিমানবন্দর থেকে রিসিভ করে একটি মাইক্রোবাসে যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় মাইক্রোবাস চালক ঘুমিয়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করলেও এক শ্রেণির অসাধু ব্যক্তি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে নিহতদের ব্যাগ, লাগেজ ও টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
 
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, 'মাইক্রোবাস চালককে গ্রেফতার করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'