কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামালসহ শাহিদুর ইসলাম ওরফে শাহিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী ধলকিয়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। বেলা সাড়ে ১২টায় আটককৃত মাদক কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
বিজিবি জানায়, শনিবার ভোর পৌনে ৫টার দিকে বিজিবি’র একাধিক দল সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী ধলকিয়া ও সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার শাহিদুর ইসলাম ওরফে শাহিনকে আটক করা হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫১ বোতল মদ, ৪ বোতল বিয়ার, ২৫ হাজার ৫০টি নেশাজাতীয় ট্যাবলেট, ৪টি শাড়ি, ৮টি ওড়না, ৯ কেজি জিরা ও একটি মোটরসাইকেল আটক করে বিজিবি।
বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান জানান, ‘আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
