নেত্রকোনার পূর্বধলার বাজারের একটি কীটনাশকের দোকানে প্রায় ১৬লাখ টাকার মালামাল চুরির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে মালামালসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন- অসিত কর (৩৮), মোমেন মিয়া (৩২), কার্তিক (২৫) ও নিমাই (২৪)।
পুলিশ জানায়, গত ১৭আগস্ট রাতে উপজেলা সদর বাজারের চৌধুরী ট্রেডার্সের মালিক ও সিনজেন্টা কোম্পানীর ডিলার বিশ্বজিৎ রায় চৌধুরীর দোকানে সার্টারের তালা ভেঙ্গে চুরি হয়। এ সময় চোরেরা প্রায় ১৬লাখ টাকার কীটনাশক চুরি করে নিয়ে যায়। পরদিন বিশ্বজিৎ রায় চৌধুরী বাদি হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সন্দেহ জনকভাবে বাজারের পাহারাদার শহীদ মিয়া, আ. বারেক, এনামূল ও নূর মিয়াকে আটক করে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নূরুল আমিন জানান, মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অসিত করের দোকান থেকে চুরি যাওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয়। সকালে আটককৃত ৪ব্যক্তিকে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশে পাঠানো হয়েছে।
