মহেশপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৪:৩৪
শনিবার সকালে মহেশপুরে প্রথম মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরাল উন্মোচন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আ.লীগের সভাপতি আব্দুল হাই এমপি। 
 
এ উপলক্ষে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদ অফিসে উপজেলা কমান্ডার আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, 'এই প্রথম জেলার কোনো মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হলো।' তিনি পর্যায়ক্রমে সব অফিসে স্থাপনের আহবান জানান। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি ও জেলা আ.লীগের সাবেক সহ-সভপাতি শফিকুল আজম খাঁন চঞ্চল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ প্রমুখ। 
 
বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আহবান জানান। এর আগে মুক্তিযোদ্ধারা অতিথিদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি করেন।