আগামী মাসে ঘরোয়া জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপে ভাল পারফর্ম করেই জাতীয় দলে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের শীর্ষ স্পিনার সাইদ আজমল।
যদিও জাতীয় নির্বাচক কমিটি এবং দলীয় ব্যবস্থাপনার ঘনিষ্ট এক সূত্রমতে জানা গেছে, আপাতত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আজমল তাদের পরিকল্পনায় নেই। এমনকি সংযুক্ত আরব আমিরাতে ডিসেম্বরে ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিরিজেও তাকে নিয়ে বিবেচনা করছেন না নির্বাচকরা।
সূত্রমতে জানা গেছে, বার্তা সংস্থা পিটিআইর সাথে নির্বাচকদের আলাপকালে তারা জানিয়েছেন আরব আমিরাতে আজমলের দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও বোলিং অ্যাকশন পরিবর্তনের পরে তাকে নিয়ে নতুন করে পিসিবির কোনো চিন্তা নেই। সব ধরনের ফর্মেটে তার যে আক্রমণাত্মক বোলিং ছিল সেটা আর নতুনভাবে দেখা যাচ্ছে না।
খবর বাসসের।
