ভুয়া সনদে প্রভাষক নিয়োগের অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৮:১৫


নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের প্রভাষক পদে মো. হাফিজুর রহমান তালুকদার নামে এক ব্যক্তিকে ভুয়া নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ গ্রহণের অভিযোগ উঠেছে।


সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক মো. হাফিজুর রহমান তালুকদারের নিবন্ধনটি সঠিক নয় বলে গত ২৭ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সহকারি পরিচালক মো. লোকমান হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে। এ বিষয়ে এনটিআরসিএর সহকারি পরিচালক মো. লোকমান হোসেন হাফিজুর রহমান তালুকদারের পূর্ব কর্মস্থল ওরিয়েন্ট টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষকে আইনানুগ ব্যবস্থার নেয়ার জন্যও নিদের্শ দিয়েছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কেন্দুয়া উপজেলার ওরিয়েন্ট টেকনিক্যাল অ্যান্ড বি. এম কলেজে বাংলা প্রভাষক পদে শিক্ষকতা করতেন। ২০০৫ সালে তিনি নিবন্ধন ও ২০১০ সালে এমপিওভুক্ত হন। সম্প্রতি ওরিয়েন্ট টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজ থেকে শিক্ষকতা ছেড়ে কেন্দুয়া ডিগ্রি কলেজে বাংলা প্রভাষক পদে নিয়োগ পেয়ে যোগদান করেন হাফিজুর।

 

এদিকে ওরিয়েন্ট টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের জানান, এনটিআরসিএ কতৃপক্ষের কোনো চিঠি এখনও আমি পাইনি।


কেন্দুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, ইনডেক্স নম্বরের মাধ্যমে মো. হাফিজুর রহমান তালুকদারকে প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে বিষটি যাচাই-বাছাই করা হবে।


ভুয়া নিবন্ধন বিষয়ে জানতে চাইলে মো. হাফিজুর রহমান তালুকদার সাংবাদিকদের জানান, আমার জানা মতে নিবন্ধনটি সঠিক। কিভাবে এনটিআরসিএ কর্তৃপক্ষ আমার নিবন্ধনটি ভুয়া বলে চিঠি দিল তা জানার জন্য ঢাকা অফিসে যাবো।


এ ব্যাপারে কেন্দুয়া ডিগ্রি কলেজ গর্ভনিংবডির সভাপতি ও সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু জানান, আমি কলেজ গর্ভনিংবডির সভাপতি ঠিক। কিন্তু মো. হাফিজুর রহমান তালুকদারের নিবন্ধন সনদ ভুয়া কি না, এ সম্পর্কে কিছু জানি না।