নাটোরের সিংড়া পৌরসভার মেয়র মো. শামিম আল রাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েব সাইটে নাটোর জেলাধীন সিংড়া পৌরসভার মেয়র বরখাস্তকরণ শিরোনামে একটি প্রজ্ঞাপন দেখে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া পৌরসভার প্যানেল মেয়র আদনান মাহমুদ।
তবে এ ব্যাপারে পৌরসভার মেয়র শামিম আল রাজী ও সচিব আ. মতিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
২৭ আগস্ট ২০১৫ তারিখে স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত বরখাস্ত আদেশের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালে মেয়র শামিম আল রাজীর বিরুদ্ধে সিংড়া থানায় দায়ের করা তিনটি ফৌজদারি মামলার দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
