বিশ্ববাজারের প্রেক্ষিতে তেলের দাম কমানোর অনুরোধ

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৮:৫৯
 
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে দেশেও মূল্য কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
 
শনিবার রাজধানীর ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকে নেমে এসেছে। দেশে এখন এর দাম কমানোর প্রয়োজন। জ্বালানি তেলের দাম কমলে বিদ্যুতের দামও যৌক্তিক পর্যায়ে চলে আসবে।’
 
রফতানি সম্প্রসারণ ও দেশে বিনিয়োগ বাড়াতে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) ১৪ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের বেনেলাক্সভুক্ত তিন দেশ নেদারল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ সফর উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
 
এ সময় ডিবিসিসিআইয়ের সভাপতি মো. হাসান খালেদ, সহসভাপতি আনোয়ার শওকত আফসারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।