নাটোরে আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে যুবলীগ নেতা রাজিব ও নাজমুলসহ দু’দলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শহরের স্টেশনবাজার মোড়ে সদর থানা যুবলীগ এক শোকসভার আয়োজন করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে তেবাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে রওনা হন। এ সময় মিছিলকারীরা রিংকু নামে স্থানীয় এক ছাত্রদল কর্মীকে দেখতে পেয়ে ধাওয়া করে। খবর পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে দুই দলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাজমুলকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজিবের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছে।
এর পরপরই আওয়ামী লীগ কর্মী সমর্থকরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল হোসেন আবুলের ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন।
