চলন্ত বাস ফুটপাতে, সাভারে ৩ জনের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ০১:১০


শ্যামলী পরিবহনের চলন্ত একটি বাস সাভারের উলাইল এলাকায় ফুটপাতে তুলে দিলে ঘটনাস্থলে মারা যান ৩ জন। এ ছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরো আরও অন্তত পাঁচজন। শনিবার সন্ধ্যায় সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান।


নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


এএসপি রাসেল গণমাধ্যমকে জানান, "ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি সন্ধ্যা ৬টার দিকে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মহাসড়ক ছেড়ে ফুটপাতে পথচারীদের চাপা দিয়ে একটি রিকশা ও একটি টং দোকানের উপর উঠে পড়ে।"


বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন পথচারীর মৃত্যু হয়। আহত হয় অন্তত পাঁচজন। দুমড়ে মুচড়ে যায় একটি রিকশা ও একটি টং দোকান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের সাভার স্টেশনের কর্মকর্তা রবিউল আল আমীন বলেছেন, তিনি দুমড়ে মুচড়ে যাওয়া রিকশার চালক হারুন ও এক যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছেন।


দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।