শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ০২:০৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুষ্ঠানটি, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

 
৯ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব’-এর উদ্বোধন করবেন দুই বাংলার কিংবদন্তী অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার। উত্সবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের মোট ৫৩টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।
 

জাতীয় নাট্যশালা’র মূল হল এবং পরীক্ষণ হলে একইসাথে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে। ৪ সেপ্টেম্বর উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে সংস্তব, ভারত-এর নাটক ‘ছাড়িগঙ্গা’, পরীক্ষণ হলে প্রাচ্যনাট-এর ‘ট্র্যাজেডি পলাশবাড়ী’।