মওদুদ আহমদের বাড়ি মামলার আপিল শুনানি ৩ সেপ্টেম্বর

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১০:৪৭


বাড়ি সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ আমলে নেওয়ার বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আপিলের শুনানি ৩ সেপ্টেম্বর।

রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এবং মওদুদ আহমেদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। এ সময়ের মধ্যে মওদুদ আহমদকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।

এর আগে ২৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচারিক কার্যক্রমের ওপর ৩০ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দেন আপিল বিভাগ।

২০১৩ সালের ১৭ ডিসেম্বর মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ২৬ মে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এই অভিযোগ আমলে নেয়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন ব্যারিস্টার মওদুদ। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলের শুনানি নিয়ে গত ২৩ জুন হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। এই খারিজের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ আহমদ। আবেদনের পক্ষে তিনি নিজেই এবং দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেয়।