২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় এক শিক্ষার্থীকে যেকোনো মেডিকেলে তৃতীয় বর্ষে ভর্তি করে নিতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে বেসরকারি মেডিকেলে পড়ার খরচ বহনে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে আপিল খারিজ করে দিয়ে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
ওই শিক্ষার্থীর পক্ষে ছিলেন তার বাবা আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
ইউনুছ আলী আকন্দ বলেন, প্রশ্নপত্রে ভুল থাকায় আমার মেয়ে পরীক্ষায় পাস করতে পারেনি। পরে বেসরকারি ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হতে এ পর্যন্ত তার খরচ হয়েছে ১৬ লাখ টাকারও বেশি।
তিনি বলেন, ২০১২-১৩ সেশনে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩৮টি ভুল ছিল। ভুল প্রশ্নের বৈধতা নিয়ে ওই সময়ে হাইকোর্টে রিট করি। প্রশ্নপত্রে ভুল না হলে আমার মেয়ে পরীক্ষায় পাস করত। সে ১৬৪.৭৫ মার্কস পায়।
চলতি বছরের ৫ মার্চ প্রশ্নপত্রে ৭টি ভুল চিহ্নিত করে হাইকোর্ট আমার মেয়েকে একটি সরকারি মেডিকেলে ভর্তির নির্দেশ এবং বেসরকারি মেডিকেলে ভর্তিতে যে টাকা খরচ হয়েছে তা দিতে নির্দেশ দেন।
